ইউনূস সরকারের ‘স্বৈরাচারী সিদ্ধান্ত’ না বদলালে বইমেলা বয়কট করবে ৩২১ প্রকাশনী

ইউনূস সরকারের ‘স্বৈরাচারী সিদ্ধান্ত’ না বদলালে বইমেলা বয়কট করবে ৩২১ প্রকাশনী
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচনের পরপরই পবিত্র রমজান মাসে অমর একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্তকে ‘হঠকারী’, ‘বাস্তবতাবিবর্জিত’ ও ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে আসন্ন বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ৩২১টি প্রকাশনা প্রতিষ্ঠান। তারা সাফ জানিয়ে দিয়েছে—ইউনূস সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন না হলে বইমেলা বয়কট করা হবে।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে প্রকাশকরা বলেন, রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে বইমেলা আয়োজন প্রকাশনা শিল্পকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।

‘বইমেলা সরকারি রুটিন নয়’

যৌথ বিবৃতিতে প্রকাশকরা বলেন, বইমেলা কোনো সরকারি রুটিন ওয়ার্ক বা আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা নয়। এটি লেখক, প্রকাশক ও পাঠকের মিলনমেলা। কিন্তু জাতীয় নির্বাচনের পরপরই রোজার মধ্যে মেলা আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মেলার মূল উদ্দেশ্যই ব্যাহত করবে।

প্রকাশকদের অভিযোগ, ইউনূস সরকারের অধীনে নীতিনির্ধারকরা মাঠের বাস্তবতা না বুঝে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সিদ্ধান্ত নিচ্ছেন, যার দায় শেষ পর্যন্ত প্রকাশনা শিল্পকেই বহন করতে হচ্ছে।

তিনটি বড় সংকটের কথা বলছেন প্রকাশকরা

বিবৃতিতে প্রকাশকরা তিনটি বড় সংকটের কথা তুলে ধরেছেন- পাঠকশূন্যতার আশঙ্কা, মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক ঝুঁকি।

২০ ফেব্রুয়ারি মেলা শুরু হলে কয়েক দিনের মধ্যেই রমজান শুরু হবে। রোজার দিনে তীব্র গরম, যানজট ও ইফতার-তারাবির চাপের মধ্যে পাঠকরা মেলায় আসবেন না। পাঠকহীন বইমেলা প্রকাশকদের জন্য চরম অপমানজনক ও ক্ষতিকর।

বইমেলার স্টলগুলোতে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেন। সারাদিন রোজা রেখে, ইফতার ও তারাবির পর আবার কাজ করানো অমানবিক। প্রকাশকরা বলেন, “আমরা আমাদের কর্মীদের এই কষ্টের মধ্যে ফেলতে চাই না।”

গত দেড় বছরে প্রকাশনা শিল্প ভয়াবহ মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আরেকটি সম্ভাব্য ব্যর্থ মেলায় অংশ নেওয়া মানে অবশিষ্ট পুঁজি হারানোর ঝুঁকি নেওয়া, যা সম্ভব নয়।

ইউনূস সরকারের প্রতি সরাসরি অভিযোগ

“জেদ পরিহার করে উৎসবের আমেজে বই কেনাবেচার পরিবেশ তৈরি না করলে ইতিহাস ইউনূস সরকারের এই সিদ্ধান্তকে সংস্কৃতিবিরোধী সিদ্ধান্ত হিসেবেই মনে রাখবে,” বলে মন্তব্য করেছেন প্রবীণ এক প্রকাশক।

প্রকাশকরা জানান, তারা সংস্কৃতি উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দপ্তরে একাধিকবার বিষয়টি জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের অস্তিত্ব সংকটকে গুরুত্ব দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, “ইউনূস সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে—প্রকাশনা শিল্প এই সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। আমাদের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একপ্রকার স্বৈরাচারী ভঙ্গিতে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।”

এক প্রকাশক মন্তব্য করেন, “যে সরকার গণতন্ত্র ও মতপ্রকাশের কথা বলে, সেই সরকারই এখন বইমেলার মতো একটি সাংস্কৃতিক উৎসবকে জেদ ও আমলাতান্ত্রিক সিদ্ধান্তের শিকার বানাচ্ছে।”

আরেক প্রকাশকের ভাষায়, “এটি শুধু একটি মেলার প্রশ্ন নয়, এটি সৃজনশীল শিল্প ধ্বংসের সরকারি ব্লুপ্রিন্ট।”

ঈদের পর মেলার প্রস্তাব, কিন্তু সরকার অনড়

বাংলা একাডেমি এপ্রিল মাসে ঝড়-বৃষ্টি, কালবৈশাখী ও গরমের আশঙ্কার কথা বলে ঈদের পর মেলা আয়োজনের প্রস্তাব নাকচ করেছে। তবে প্রকাশকরা বলছেন,

“প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নেওয়া যায়, কিন্তু জেনেশুনে রোজার মধ্যে নিশ্চিত ব্যবসায়িক মৃত্যুর ঝুঁকি নেওয়া যায় না।”

৩২১ প্রকাশক স্পষ্ট করে জানিয়েছেন, “ফেব্রুয়ারিতে মেলা হলে মানবিক ও ব্যবসায়িক কারণে আমরা অংশ নেব না। কিন্তু ঈদুল ফিতরের পর মেলা আয়োজন করা হলে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব।”

বয়কটের ঘোষণায় থাকা প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে— দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), অনন্যা, অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, মাওলা ব্রাদার্স, কাকলী প্রকাশনী, কথাপ্রকাশ, আফসার ব্রাদার্স, সময় প্রকাশন, অবসর, পাঞ্জেরী পাবলিকেশনস, পুথিনিলয়, পাঠক সমাবেশ, আদর্শ, শোভা প্রকাশ, নালন্দা, বাতিঘর, ভাষাচিত্র, প্রথমা প্রকাশন, অন্যধারা, অ্যাডর্ন, মল্লিক ব্রাদার্সসহ আরও বহু শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান।

বাংলা একাডেমি জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে এবং রমজান বিবেচনায় প্রতিদিন এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে বলেও জানানো হয়। তবে প্রকাশকদের মতে, এসব সিদ্ধান্ত সমস্যার মূল জায়গায় স্পর্শ করে না।

 

Visited 16 times, 1 visit(s) today