স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় গোপন অভিযানে বসতঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ৩ হাজার ইয়াবাসহ জামায়াতে ইসলামীর এক সন্ত্রাসী কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
৫ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. কামাল ওরফে পিচ্চি কামাল (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. কামাল লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন শাখা জামায়াতের কর্মী। গ্রেপ্তারের পর জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সঙ্গে তার একান্ত মুহূর্তের একাধিক ছবিও ফেসবুকে দেখা যায়।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে ক্যাপ্টেন সাব্বির আহম্মেদ সানি, লেফটেন্যান্ট সাদ ও লেফটেন্যান্ট মিথুনসহ ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহল দল অভিযান চালায়। অভিযানে ঢেমশার একটি বসতঘরে লুকিয়ে থাকা কামালকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ঘরটি তল্লাশি করে তিন হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
একই ঘটনায় রাকিব নামে আরেক অভিযুক্ত ওই সময় বসতঘরে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় সেনাবাহিনী।
সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এসএম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার কামালকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পলাতক আসামি রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

