সেনানিবাসে ঔদ্ধত্য প্রদর্শন: ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াত নেতাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি

সেনানিবাসে ঔদ্ধত্য প্রদর্শন: ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে জামায়াত নেতাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সেনানিবাস এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামানের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ওই প্রার্থীকে সেনানিবাস এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হবে।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের ঢাকা-১৭ আসনের প্রার্থী খালিদুজ্জামান সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। প্রবেশকালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনা সদস্যদের উদ্দেশে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য ও আচরণ সামরিক বাহিনীর মনোবল ও মর্যাদার পাশাপাশি রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত হানে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

সংগঠনটি আরও উল্লেখ করে, কোনো রাজনৈতিক পরিচয়ই কাউকে সংবিধান ও আইনের ঊর্ধ্বে রাখার সুযোগ দেয় না। সেনানিবাস কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র নয়; এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা এলাকা।

বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত প্রার্থী যদি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর আচরণ থেকে বিরত থাকার সুস্পষ্ট অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে সেনানিবাসে ‘পারসোনা নন গ্রাটা (পিএনজি)’ ঘোষণা করার জন্য জোর দাবি জানানো হবে।

রাষ্ট্রের আইন, সামরিক বাহিনীর সম্মান ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন কোনো ধরনের ছাড় দেবে না।

Visited 21 times, 1 visit(s) today