স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে খেলতে না গিয়ে উদ্দেশ্যহীন এক আসর আয়োজন করছে বিসিবি৷ তিন দল নিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রা ভাগাভাগি করে খেলবেন। এই আসরে সরাসরি আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম যুক্ত করা হয়েছে।
শনিবার মিরপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই টুর্নামেন্টের বিস্তারিত জানায় বিসিবি। টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল— ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। যার নেতৃত্বে থাকছেন যথাক্রমে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলী।
বিসিবির এই টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) এই নিয়ম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা থাকলেও, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কৌশলগত ধার বাড়াতে এটি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। মাত্র চার ম্যাচের এই টুর্নামেন্টে আড়াই কোটি টাকার প্রাইজমানি ও ফি রাখা হয়েছে।
বিশ্বকাপ মিস করায় চলতি বছর নেই কোন টি-টোয়েন্টি আসর। আছে ওয়ানডের ব্যস্ত। এখন টি-টোয়েন্টি আসরের লক্ষ্য কী তা অজানা।
খেলার সঙ্গে সাংস্কৃতিক উৎসব
আগামী ৫, ৬ এবং ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে কেবল ক্রিকেট নয়, দর্শকদের টানতে বিসিবি প্রতিদিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছে।
টুর্নামেন্টটি ছোট হলেও কোচিং প্যানেলে রাখা হয়েছে অভিজ্ঞদের। ধূমকেতু একাদশের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুলের সঙ্গে আছেন তুষার ইমরান। আর দুরন্ত একাদশের দায়িত্ব সামলাবেন হান্নান সরকার ও রাজিন সালেহ আলম।
বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সমর্থকদের জন্য ১০০ টাকা থেকে ১,০০০ টাকার মধ্যে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
তবে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ সময়ের আগে মাত্র চার ম্যাচের এই টুর্নামেন্ট খেলোয়াড়দের প্রস্তুতিতে কতটা কাজে দেবে, তা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানা বিশ্লেষণ।
