বিসিবিতে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ জারি করল বিসিবি

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ জারি করল বিসিবি
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) সংবাদকর্মীদের অবাধ প্রবেশে লাগাম টানল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা বৃদ্ধির অজুহাতে এখন থেকে সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ শনিবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই নতুন সিদ্ধান্তের কথা জানায়।

​নতুন এই নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা চাইলেই আর যেকোনো সময় বিসিবি কার্যালয় বা স্টেডিয়াম চত্বরে প্রবেশ করতে পারবেন না। বিসিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু উপলক্ষ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

শুধুমাত্র ম্যাচের দিন, অফিশিয়াল সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণ কিংবা বিসিবি নির্ধারিত প্র্যাকটিস সেশন ছাড়া অন্য কোনো সময়ে সংবাদকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
​পাশাপাশি, সাংবাদিকদের প্রবেশের জন্য গেটও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের শুধুমাত্র ১ নম্বর গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

​বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভেন্যু এবং বিসিবি কার্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই তারা এমন কঠোর অবস্থানে যাচ্ছে। এই নিয়ম বাস্তবায়নে বিসিবি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করলেও, হঠাৎ এমন বিধিনিষেধ আরোপের ফলে পেশাগত দায়িত্ব পালনে সংবাদকর্মীদের নানা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

Visited 8 times, 1 visit(s) today