নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন ঢাকা–নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি। যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী।”
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটার কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
তারেক রহমানের পক্ষ থেকেও বৈঠক নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশের নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ বেড়েছে। যুক্তরাষ্ট্র একাধিকবার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
