পেট্রোল পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা যুবদল নেতার: সেই পুরানো রূপেই বিএনপি

পেট্রোল পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা যুবদল নেতার: সেই পুরানো রূপেই বিএনপি
শেয়ার করুন

স্থানীয় প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার পর টাকা পরিশোধ না করে চলে যাওয়ার চেষ্টাকালে কর্মচারী বাধা দিলে প্রাইভেটকার চাপা দিয়ে তাকে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত রিপন সাহা (৩০) খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। তিনি পাম্পের মিটারম্যান/কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্টেশনের কর্মচারীদের অভিযোগ, ৬ই জানুয়ারি, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অভিযুক্ত আবুল হাসেম সুজন (৫৫) তার জিপ গাড়িতে (কালো রঙের ল্যান্ড ক্রুজার; ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬) এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা না দিয়েই চলে যেতে গেলে রিপন গাড়ির সামনে গিয়ে বাধা দেন। এসময় তাকেই চাপা দিয়ে চলে যায় গাড়িটি।

গুরুতর আহত রিপনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গাড়িমালিক আবুল হাসেম সুজন (রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সাবেক সভাপতি) এবং গাড়িচালক কামাল হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে। গাড়িও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পাম্পকর্মীরা জানান, অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে টাকা না দিয়েই চলে যেতে চেয়েছিলেন।

এ ঘটনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল বা জাতীয়তাবাদী দলের যে সৌম্য ও সংস্কারমুখী ইমেজ গড়ে তোলার চেষ্টা চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

দলের নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতার অভিযোগ বারবার উঠছে, যা দলের প্রকৃত রূপ প্রকাশ করে দিচ্ছে বলে অনেকে মনে করছেন। ১৭ বছর যেই অপশাসনের কারনে ক্ষমতার বাইরে ছিল বিএনপি, সেই চরিত্রের কোন বদল হয়নি বিএনপির, বরং তা বেড়েছে বলে মনে করছেন বিএনপি’র শাসন দেখা রাজনীতি সচেতন ব্যাক্তিরা।

সাম্প্রতিক সময়ে অনুরূপ ঘটনায় যুবদল-সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি প্রত্যাখ্যানে হামলা-হত্যার অভিযোগ উঠেছে। উদাহরণস্বরূপ, ঢাকার চকবাজারে চাঁদাবাজি না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর দিয়ে থেতলে হত্যা, কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধনে হামলা, এবং বিভিন্ন জেলায় দখল-চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তারেক রহমান নিজে দলের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বললেও, এ ধরনের ঘটনা দলের ইমেজ সংকট তৈরি করছে।

নিহত রিপন সাহার পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

Visited 14 times, 1 visit(s) today