নিজস্ব প্রতিবেদক
বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ ১৬ই নভেম্বর, রোববার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন।
ডিএমপির অপরাধ বিভাগের দুজন উপকমিশনারসহ অন্তত পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি একাধিক মূল ধারার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমি ওয়্যারলেসে বলেছি, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।’
এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গত ৫ দিন আগেই চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তার পর থেকে চট্টগ্রামে কনস্টেবলদের হাতে পর্যন্ত দেখা গেছে স্বয়ংক্রিয় অস্ত্র।
তার ওই নির্দেশনা নিয়ে তখন দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। আইন ও সালিশ কেন্দ্র (আসক) ছাড়াও কয়েকটি মানবাধিকার সংস্থা এমন নির্দেশনায় উদ্বেগ জানিয়েছে।
প্রসঙ্গত, পুলিশ আইনে জননিরাপত্তার স্বার্থে এমন গুলির নির্দেশ রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই। এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন পুলিশসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর পক্ষ থেকেই করা হয়।
