নাজমুলকে ‘ওএসডি’ করল বিসিবি, পদত্যাগের দাবিতেই অনড় ক্রিকেটাররা

নাজমুলকে ‘ওএসডি’ করল বিসিবি, পদত্যাগের দাবিতেই অনড় ক্রিকেটাররা
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে। সংগঠনের স্বার্থে বোর্ড সভাপতি অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতি নিজেই ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিসিবি’র গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদে সভাপতিকে প্রদত্ত ক্ষমতাবলে এই পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

এদিকে একই বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও মর্যাদার বিষয়েও বোর্ডের অবস্থান পরিষ্কার করা হয়েছে। বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের স্বার্থই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং খেলোয়াড়দের সম্মান রক্ষায় বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের ক্রিকেটের এই কঠিন সময়ে ক্রিকেটারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে বিসিবি। বিশেষ করে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ক্রিকেটের উন্নয়নে তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিসিবি আশা করছে, সব ক্রিকেটার মাঠের খেলায় মনোনিবেশ করে দেশের ক্রিকেটের মর্যাদা সমুন্নত রাখবেন।

তবে ক্রিকেটারদের দাবি তাকে পরিচালক পদ থেকে অপসারণ বা পদত্যাগ। সেটা এখনো হয়নি। গত কয়েকদিন ধরে নানান বিতর্কিত মন্তব্য করছিলেন নাজমুল। গতকাল সন্ধ্যায়, ক্রিকেটারদের অর্জনকে হেয় করে আলোচনায় আসেন তিনি। এর আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে গালি দিয়েছিলেন তিনি। তার পদত্যাগের দাবিতে বিপিএলের ম্যাচ বয়কট করে আন্দোলন করছেন ক্রিকেটাররা।

Visited 9 times, 1 visit(s) today