১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পালানোর ঘটনায় মাদ্রাসায় অগ্নিসংযোগ

১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পালানোর ঘটনায় মাদ্রাসায় অগ্নিসংযোগ
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সিবাড়ির মাদ্রাসার প্রধান শিক্ষক তার মাদ্রাসার ১২ বছর বয়সী এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার জেরে অজ্ঞাতপরিচয় লোকজন ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দিয়েছে।

গতকাল ১৩ই জানুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সিবাড়ির মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে বুধবার দুপুরে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান (৩৫) পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ওই ছাত্রী মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ১২ বছর বয়সী এই ছাত্রীর সাথে সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ।

গত ৭ই জানুয়ারি তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনার পর থেকে প্রধান শিক্ষক পলাতক রয়েছেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন। এতে প্রায় এক সপ্তাহ ধরে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।

মাদ্রাসায় কোনো শিক্ষার্থী না থাকায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বর্তমানে ওই ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে বলে জানান চরজব্বর থানার ওসি মো. লুৎফুর রহমান।

Visited 13 times, 1 visit(s) today