মোস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন পেসার তানজিম হাসান সাকিবও। তবে নিলামে তার নাম উঠেনি। রেকর্ড মূল্যে বিক্রি হলেও মোস্তাফিজ খেলতে পারছেন না রাজনৈতিক কারণে। তাকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় পেসার তানজিম আইপিএলের মূল্যকে উঁচুতে তুলে খেলাকে রাজনীতির বাইরে রাখতে বললেন।
মঙ্গলবার সিলেটে বিপিএলের ফাঁকে সাংবাদিকদের সামনে আসেন তানজিম। মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হয় তার কাছে। এরপরও আগামী বছর নিলামে নাম দেবেন কিনা জানতে চাইলে তানজিম বলেন, ‘আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরানো হলো তা আমাদের স্পষ্ট নয়, হয়তো রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে। তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা তো (অংশ) নিতে চাই। আমরা তো রাজনৈতিক দিক চিন্তা করি না। খেলোয়াড় হিসেবে আমাদের আইপিএল খেলার ইচ্ছা থাকে এবং সেভাবেই নাম দেই। পরের বছর এজেন্টের সঙ্গে বা দেশে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব নাম দেব কি দেব না।’
তানজিম স্পষ্ট জানিয়ে দেন নিজের আকুতির কথা। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার ইচ্ছা প্রবল থাকলেও সুযোগ পাওয়া কঠিন। এখন রাজনৈতিক কারণে এটা আরও কঠিন। বাংলাদেশ ভারত বিরোধী রাজনীতির বিস্ফোরণের মাঝে ভারতীয় উপ-হাইকমিশনারের বাসায় হামলা, ভারতের সেভেন সিস্টার্স (সাত রাজ্য) ভেঙে দেওয়ার হুঙ্কার দেওয়ার তীব্র প্রতিক্রিয়া হয় ভারতে। সেখানকার ডানপন্থী দলের দাবিতে মোস্তাফিজকে তাদের ঘরোয়া লিগ থেকে বাদ দেয় বিসিসিআই।
প্রতিক্রিয়ায় আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ভেন্যু বদলের দাবি তুলেছে বিসিবি, সরকারের চাপে তারা ভারত যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি এখন এই ব্যাপারে করণীয় ঠিক করবে।
