আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়। তবে মজার কথা হলো আইপিএল যখন শুরু হবে তখন অন্তর্বতীকালীন মুহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না, কারণ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়ে যাবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনাটি সরকারের নজরে এসেছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ ফিরোজ খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কোনো কারণ বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়নি। এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএলের ম্যাচগুলো সম্প্রচারের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সরকারি এই নির্দেশনা ইতিমধ্যে বাংলাদেশ বেতারসহ দেশের সব টেলিভিশন চ্যানেলে পাঠানো হয়েছে।
