কুড়িগ্রাম–১ আসনে ইআবা প্রার্থী জুলাই হত্যা-মামলার আসামি, ‘ষড়যন্ত্র’ দাবি অভিযুক্তের

কুড়িগ্রাম–১ আসনে ইআবা প্রার্থী জুলাই হত্যা-মামলার আসামি, ‘ষড়যন্ত্র’ দাবি অভিযুক্তের
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার আসামিকে কুড়িগ্রাম–১ (সংসদীয় আসন ২৫) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা)। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই মামলার ২৭ নম্বর আসামি হারিসুল বারি রনিকে কুড়িগ্রাম–১ আসনে প্রার্থী করা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং ২ নম্বর আসামি হিসেবে ওবায়দুল কাদেরের নাম উল্লেখ রয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে সংসদ নির্বাচনের প্রার্থী করায় নির্বাচনী এলাকায় ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুলাই দাঙ্গা চলাকালে হত্যার বিচার চেয়ে হরিপদ মন্ডল (৪২) ঢাকার সাভারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বাদী হিসেবে তার ঠিকানা উল্লেখ করা হয়েছে—হোল্ডিং ডি/২০, জমিদার বাড়ি, ডাকঘর সাভার–১৩৪০, সাভার পৌরসভা, থানা সাভার, জেলা ঢাকা।

এই মামলায় মোট ৯১ জনের নাম উল্লেখ করা হয়। মামলাটি নথিভুক্ত হয় সি.আর মামলা নম্বর ৪০৭/২০২৫ হিসেবে। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৪/১৪৭/১৪৮/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে দাবি করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন চলাকালে উস্কানিমূলক বক্তব্য দিয়ে কঠোর হাতে দমনের নির্দেশ দেন। একইভাবে ওবায়দুল কাদের আন্দোলনরতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দেন। তাদের নির্দেশ ও মদদে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ সদস্যদের মাধ্যমে হামলা চালানো হয়।

এই মামলায় হারিসুল বারি রনির ঠিকানা হিসেবে আদর্শপাড়া, পশ্চিম নাগেশ্বরী, নাগেশ্বরী, কুড়িগ্রাম উল্লেখ রয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী হারিসুল বারি রনি কুড়িগ্রাম–১ আসনে মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে হারিসুল বারি রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “আমি তখন নাগেশ্বরীতেই ছিলাম। কে বা কারা ষড়যন্ত্র করে আমার নামে ঢাকার সাভারে মিথ্যা মামলা দায়ের করেছে। আমার নির্বাচনী হলফনামায় বিষয়টি উল্লেখ আছে। পুলিশ তদন্ত করে ওই মামলায় আমার কোনো সংশ্লিষ্টতা পায়নি।”

Visited 13 times, 1 visit(s) today