ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি

ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে যেকোনো মূল্যে বাধাগ্রস্ত করতে বিএনপি সরকার যে গভীর ষড়যন্ত্র ও মোশতাকসুলভ অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভীত হয়ে বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী পশ্চিমা দেশে লবিস্ট নিয়োগ করে ধর্ণা দিচ্ছে, যেন ভারত শেখ হাসিনাকে দেশে পাঠাতে নিরুৎসাহিত করে। আর এজন্য নানা রকম কূটনৈতিক দেনদরবার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

একটি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে ওবায়দুল কাদের অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, দেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের যে নাড়ির টান, তা কোনো দেশি বা বিদেশি ষড়যন্ত্র দিয়ে কখনো ছিন্ন করা যাবে না।

বিএনপি সরকারের লবিংয়ের অপচেষ্টা নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার অভূতপূর্ব জনপ্রিয়তায় ও আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের ভয়ে বিএনপি আজ দিশেহারা হয়ে পড়েছে। তারা ওয়াশিংটনসহ বিভিন্ন দেশের প্রভাবশালী মহলে গিয়ে ধর্ণা দিচ্ছে এবং লবিং করছে কীভাবে নেত্রীর প্রত্যাবর্তন ঠেকানো যায়। ভারতের ওপর নানামুখী চাপ সৃষ্টি করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।”

তিনি বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই—কোনো লবিং, কোনো ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনাকে তাঁর নিজ দেশের মাটি থেকে দূরে রাখতে পারবে না। আগামী ডিসেম্বরেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বীরদর্পে বাংলাদেশে ফিরবেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশটাকে আজ যারা খাদের কিনারায় নিয়ে গেছে, তারা খুব ভালো করেই জানে যে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাদের পায়ের নিচের মাটি সম্পূর্ণ সরে যাবে। দেশের সাধারণ মানুষ, শ্রমিক, প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ হয়ে সেই দিনের অপেক্ষায় আছে, যেদিন নেত্রী আবার দেশের মাটিতে পা রাখবেন।

বিদেশি শক্তির ওপর ভর করে টিকে থাকার দিন শেষ হয়ে আসছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন যে, সব মিথ্যা মামলা ও আইনি বাধা উপেক্ষা করেই রাজপথের আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার পুনরায় ফিরিয়ে আনা হবে।


সংবাদ প্রতিবেদনটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুতকৃত। সাক্ষাৎকার নিয়েছেন- ফারহান দাউদ
Visited 21 times, 1 visit(s) today