বিশেষ প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই পরিচিত ছিঁচকে অপরাধী ও ভাসমান বাসিন্দা, যাদের বিরুদ্ধে আগে থেকেই মাদক, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। তবে হামলার পেছনে থাকা রাজনৈতিক উস্কানিদাতা ও সংগঠকদের কাউকেই এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি।
ডিবির হাতে গ্রেপ্তাররা হলেন— মো. নাঈম (২৬), মো. আকাশ আহমেদ সাগর (২৮), মো. আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), মো. সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), মো. রাশেদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (২৭), শফিকুল ইসলাম (৩৪), মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)। এ ছাড়া হামলায় জড়িত কিউএম মুয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
গ্রেপ্তারদের মধ্যে মো. নাঈম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার সময় ব্যাপক লুটপাটে জড়িত ছিল বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তারা জানায়, তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা নাঈমকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করে। ওই টাকা দিয়ে মোহাম্মদপুর থেকে নোভা ব্র্যান্ডের একটি টিভি ও ওয়ালটনের একটি টাচ ফ্রিজ কেনে। অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে লুট হওয়া ৫০ হাজার টাকাও পাওয়া যায়।
তবে নাঈম কোন ভবন থেকে ওই টাকা লুট করেছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি। পুলিশের নথি অনুযায়ী, নাঈম কারওয়ান বাজার ও হাতিরঝিল এলাকার চিহ্নিত অপরাধী। গত তিন বছরে তার বিরুদ্ধে পাঁচটি মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
গ্রেপ্তার আরেকজন আবুল কাশেমের স্থায়ী ঠিকানা হিসেবে বগুড়া শহরের চকফরিদ এলাকার কথা বলা হলেও সেখানে খোঁজ নিয়ে তাকে বা তার বাবাকে কেউ চিনতে পারেননি। তার বাবার নাম মৃত ফারুক আহম্মেদ উল্লেখ থাকলেও স্থানীয়দের ভাষ্য, এই নামে কোনো ব্যক্তির পরিচয় এলাকাবাসীর জানা নেই। ঢাকায় সে হাজারীবাগ এলাকায় থাকে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ার রেললাইন বস্তিতে থাকত বলে গ্রামবাসীরা জানিয়েছেন। জাহাঙ্গীরও কারওয়ান বাজার এলাকার পরিচিত ছিঁচকে অপরাধী। তার বিরুদ্ধে তেজগাঁও, হাতিরঝিল ও ঢাকা রেলওয়ে থানায় চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তার হাসানের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। পল্লবীর বাউনিয়া বেড়িবাঁধ এলাকায় ভাড়া থাকত সে। জানা যায়, অভাবের কারণে হাসান প্রাথমিক শিক্ষাও শেষ করতে পারেনি। ছোটবেলা থেকেই চুরি এবং পরে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। সর্বশেষ তার মায়ের করা মামলায় সে কারাগারে রয়েছে। সোহেল রানা শেরপুরের শ্রীবর্দী থানার বাসিন্দা। এলাকাবাসীর কাছে সে পরিচিত বখাটে ও গাঁজাখোর হিসেবে।
কীভাবে হামলা হলো
এর আগে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগ মোড়ে লোকজন জড়ো হয়। পরে তারা কারওয়ান বাজারের দিকে এগিয়ে যায়। রাত আনুমানিক সোয়া ১১টা থেকে রাত ২টা–আড়াইটা পর্যন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রথমে প্রথম আলো, পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
এ ঘটনায় প্রথম আলো তেজগাঁও থানায় একটি মামলা করেছে। এজাহারে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় ১৭ জন গ্রেপ্তার হন, যাদের মধ্যে ১৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আরেকটি মামলায় ৩৫০–৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।
তদন্তের বাইরে আসল প্রশ্ন, মূল হোতারা কোথায়?
তবে এই গ্রেপ্তার তালিকা সামনে আসতেই বড় প্রশ্ন উঠেছে— আসল উস্কানিদাতারা কোথায়?
হামলার আগের দিন ও হামলার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবি ভিপি, রাকসু জিএস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপিসহ শিবিরের কেন্দ্রীয় নেতাদের একাধিক পোস্টে সরাসরি উসকানি ও হামলার আহ্বান ছিল বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাঠপর্যায়ের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত এবং রাজনৈতিকভাবে ইন্ধনপ্রাপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ ও ছবি বিশ্লেষনে করে অনেকে প্রথম আলো অফিসে হামলাকারীদের শনাক্ত করেছে, যেখানে দেখা যায় এদের বেশিরভাগই ঢাবি ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত এবং একইসাথে গতবছরের জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত।
কিন্তু এখন পর্যন্ত পুলিশ যাদের গ্রেপ্তার করেছে, তারা কেউই ওই উস্কানিদাতা বা সংগঠক নন। অধিকাংশই পুরোনো অপরাধী, ভাসমান বাসিন্দা বা লুটপাটে জড়িত ব্যক্তি—যারা পরিস্থিতির সুযোগ নিয়েছে। হামলার পরিকল্পনা, নির্দেশনা ও সংগঠনের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতারা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
আইন ও মানবাধিকার বিশ্লেষকদের ভাষ্য, এভাবে শুধু লুটপাটকারীদের গ্রেপ্তার করে মূল অপরাধীদের আড়াল করা হলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দায় এড়াতে ও লোক দেখানো পদক্ষেপ হিসেবেই এই গ্রেপ্তার অভিযান চলছে কি না—সে প্রশ্ন এখন জোরালোভাবে উঠছে।
এ বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
