পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায়

পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায়
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা, ১৩ মে ২০২৬: সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফরের যে হিড়িক লক্ষ করা যাচ্ছে, তার ধারাবাহিকতায় এবার এসেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা।

 

গত ১০ মে, রবিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান জামায়াতে ইসলামী পাকিস্তানের দুই জ্যেষ্ঠ নেতা। তাঁরা বর্তমানে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন।

 

আগত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, জনাব মাসুদ গাউস আইজাজি। যিনি জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে দায়িত্বপ্রাপ্ত। মাসুদ গাউসের সফরসঙ্গি হিসাবে আছেন ড. সীমা মালিক। ড সীমা জামায়াতে ইসলামী পাকিস্তানের উইমেন্স উইং এর করাচি জোনের দায়িত্বপ্রাপ্ত নেত্রী।

 

জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক বিষয়ক শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাসুদ গাউস আইজাজি সংগঠনের বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন। অন্যদিকে, ড. সীমা মালিক পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতে জামায়াতের মহিলা শাখার শীর্ষ নেত্রী হিসেবে পরিচিত।

 

সূত্রমতে, এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিশেষ করে দুই দেশের জামায়াতে ইসলামীর মধ্যে সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে হতে পারে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি ও বৈঠকের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের এক্স পোস্টের সুত্র ধরে শুধু জানা যায়, জামায়াতে ইসলামী পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী পরিচালক জনাব মাসুদ গাউস আইজাজী গতকাল, ১২ই মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক পর্যায়ের বিভিন্ন প্রতিনিধির বাংলাদেশ সফর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর এই প্রতিনিধি দলের আগমনকে অনেকে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে দেখছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সফর সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে।

 

Visited 15 times, 1 visit(s) today