নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামী’র নেতৃত্বাধীন বৃহত্তর ইসলামী জোটে ভাঙন ধরাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে ‘নির্বাচনি সমঝোতা’ করেছে বিএনপি। সমঝোতা অনুযায়ী ইসলামপন্থি দলটিকে চারটি আসন ছেড়ে দেবে বিএনপি।
মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমঝোতা হওয়া চারটি আসন ও প্রার্থীরা হলেন— নীলফামারী-১ আসনে মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব।
ইতোমধ্যে তিনশ আসনের মধ্যে ২৭২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৮টি আসনের মধ্যে চারটি আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতা করল দলটি। জমিয়তে উলামায়ে ইসলাম তাদের দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে। আমরা তাদের দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ‘‘আল্লাহর কাছে আমরা দোয়া করছি যেন তাদের এই উদ্যোগ সফল হয়।”
বিএনপি মহাসচিব জানান, এই চারটি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। একইভাবে জমিয়তে উলামায়ে ইসলামও সারা দেশের অন্য কোনো আসনে তাদের প্রার্থী দেবে না। এটি একটি নির্বাচনী সমঝোতা হিসেবে কার্যকর হবে।
মির্জা ফখরুল বলেন, ‘‘উনারা দলের নিজস্ব প্রতীক খেজুর গাছ মার্কায় নির্বাচন করবেন।”
দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘‘আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে তারা যেন সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করেন।”
তিনি আরও বলেন, ‘‘ভোটাররা ওই এলাকাগুলোতে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ এবং জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক। এছাড়া জমিয়তের মহাসচিব মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, মাওলানা শেখ মজিবুর রহমান, মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী উপস্থিত ছিলেন।
