দক্ষিণখানে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে যুবলীগ নেতাকে হত্যা

দক্ষিণখানে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে যুবলীগ নেতাকে হত্যা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রকাশ্যে কুপিয়ে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ ১৫ই ডিসেম্বর, সোমবার রাত পৌনে ৯টার দিকে দক্ষিণখান থানার নদ্দাপাড়া তালতলা মোড় এলাকায় জনসমাগমের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহজাহান শেখ (৪৬)। তিনি উত্তরা আশকোনা এলাকার বাসিন্দা এবং হাফিজ উদ্দীনের ছেলে। যুবলীগের দায়িত্বশী পদে দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন শাহজাহান। বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শাহজাহান শেখ রাজনীতির পাশাপাশি স্থানীয়ভাবে ক্যাবল টিভি এবং ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। এছাড়া তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বেও ছিলেন। জমি এবং গাড়ি কেনাবেচার ব্যবসায় যুক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি ‘ডিলার শাহজাহান’ নামেও পরিচিত ছিলেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ধারালো অস্ত্রে শাহজাহানকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে। সেসব বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তে তদন্ত এগোচ্ছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ পড়ে আছে এবং চারপাশে ভিড় জমেছে। আঘাতের তীব্রতায় নিহতের মাথার বড় একটি অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৭-৮ জন যুবক শাহজাহানকে ধাওয়া করে তালতলা মোড়ে নিয়ে এসে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Visited 12 times, 1 visit(s) today