নিজস্ব প্রতিবেদক
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে—এমন আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
আজ ১৫ই ডিসেম্বর, সোমবার সারা দেশের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করে দূতাবাসটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেছে। ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘনঘন ও তীব্র রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও উল্লেখ করে, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সমাবেশও হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। তাই আশপাশের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা, স্থানীয় গণমাধ্যমের খবর অনুসরণ করা এবং ভিড় বা বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
