রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

১২ই ডিসেম্বর, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের ফলে কোনো ব্যক্তি আহত হননি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনার সময় থানায় সরাসরি কেউ বিষয়টি জানায়নি। পরে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাসপোর্ট অফিস এলাকা ঘিরে পুলিশ নজরদারি বাড়িয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Visited 1 times, 1 visit(s) today