এবার রংপুরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র দম্পতিকে গলা কেটে হত্যা

এবার রংপুরে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র দম্পতিকে গলা কেটে হত্যা
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

কারাগারে বীর মুক্তিযোদ্ধাদের হত্যা, মব সন্ত্রাসের মাধ্যমে নির্যাতন, হুমকি-ধমকির পর এবার রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সংখ্যালঘু দম্পতিকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

তারাগঞ্জ থানার এসআই ছাইয়ুম হোসেন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায় (৬০) রহিমাপুর চাকলা গ্রামে বসবাস করেন। ওই দম্পতির বড় ছেলে সুবেন চন্দ্র রায় পুলিশের এএসআই হিসেবে জয়পুরহাটে ও ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশে কর্মরত আছেন।

বীর মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির কর্মচারী দীপক রায় জানান, তিনি দীর্ঘদিন ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে কাজ করছেন। প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির গেটের সামনে এসে ডাকাডাকি করেন তিনি। তবে কোনো সাড়া-শব্দ না পেয়ে গ্রামের কয়েকজন বাসিন্দাসহ মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনের গলাকাটা লাশ দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ৫ই আগস্টের পর নানাভাবে হুমকি-ধমকি পাচ্ছিল ওই বীর মুক্তিযোদ্ধার পরিবার। পুলিশে কর্মরত তার দুই সন্তানও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া মুক্তিযুদ্ধের অবমাননার বিরুদ্ধে কথা বলে আসছিলেন তিনি। এ কারণে স্বাধীনতাবিরোধীরা তার প্রতি ক্ষুব্ধ ছিল।

নির্মমভাবে বাংলাদেশের জন্মযোদ্ধাকে সস্ত্রীক এভাবে খুন করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। তবে বিচার বা খুন নিয়ে কোনও কথা বলেননি তিনি। পুলিশের পক্ষ থেকেও মর্মান্তিক এই হত্যাকাণ্ড নিয়ে কোন বক্তব্য আসেনি।

Visited 40 times, 1 visit(s) today