নিজেদের গ্রুপকে কঠিন বললেন ব্রাজিল কোচ, সহজ গ্রুপেও চ্যালেঞ্জ দেখছেন আর্জেন্টিনার কোচ

নিজেদের গ্রুপকে কঠিন বললেন ব্রাজিল কোচ, সহজ গ্রুপেও চ্যালেঞ্জ দেখছেন আর্জেন্টিনার কোচ
শেয়ার করুন

৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় এবার গ্রুপ হয়েছে ১২টি, ‘গ্রুপ অব ডেথ’, বলতে আসলে সেরকম কিছু নেই। তবে তুলনামূলক বিচারে ব্রাজিলের ‘সি’ গ্রুপ, ফ্রান্সের ‘আই’ গ্রুপকে কঠিন বলা হচ্ছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও বলছেন তাদের গ্রুপ কঠিন। এদিকে সমর্থকদের মতে সহজ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও লিওনেল স্কালোনির মতে, ‘সহজ বলতে কিছু নেই।’

শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে হয়ে গেছে বিশ্বকাপের গ্রুপিং। এই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে আগ্রহ ছিলো সবার। ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ১৯৯৮ বিশ্বকাপেও মরক্কো ও স্কটল্যান্ডকে একই গ্রুপে পেয়েছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলায় মরক্কোকে কঠিন প্রতিপক্ষ মনে করছেন আনচেলত্তি, ‘কাতারে শেষ বিশ্বকাপে মরক্কো খুবই ভালো খেলেছিল। স্কটল্যান্ডও খুব শক্ত দল, খুবই শক্তিশালী… (তাদের বিরুদ্ধে ম্যাচও) বেশ কঠিন হবে।’

আর্জেন্টিনা পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রতিটি দলই আর্জেন্টিনা থেকে বেশ পিছিয়ে। স্কালোনি তবু বলছেন, ‘২০২২–এর মতোই আমরা বলি, কোনো প্রতিপক্ষই সহজ নয়। খেলাগুলো খেলতে হবে। যদি সত্যিই (এইচ) গ্রুপের সঙ্গে ক্রসওভার হয়, তবে তা কঠিন। কিন্তু তার আগে আমাদের গ্রুপ পর্ব পার হতে হবে, তারপর দেখা যাবে।’

এদিকে ‘আই’ গ্রুপে পড়েছে ফ্রান্স। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে, সাদিও মানের সেনেগালকে। এছাড়া বাছাই পেরিয়ে ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে এক দল।

Visited 24 times, 1 visit(s) today