জুলাই-আগস্টের দাঙ্গায় থানা থেকে লুট অস্ত্রসহ মুন্সীগঞ্জে একজন গ্রেপ্তার

জুলাই-আগস্টের দাঙ্গায় থানা থেকে লুট অস্ত্রসহ মুন্সীগঞ্জে একজন গ্রেপ্তার
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও এক রাউন্ড কার্তুজসহ কে এম সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গতকাল ২৯শে নভেম্বর, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ সোহেল রানাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ রাউন্ড কার্তুজ (12 STERLING ITALY) উদ্ধার করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে রতন দেওয়ান পালিয়ে গেছেন।

শটগানটির সিরিয়াল নাম্বার (5GP036560) খতিয়ে দেখার পর এটি গতবছরের জুলাই-আগস্টের দাঙ্গার সময় সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত করেছে সেনাবাহিনী।

মুন্সীগঞ্জ সদর সেনা ক্যাম্প কমান্ডারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ই নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন। এরপর থেকেই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ এবং আটক সোহেল রানাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা ও অস্ত্র আইনে একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে সরকারবিরোধী দাঙ্গার সময় সারাদেশের ৪৬০টির বেশি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা চালায় আন্দোলনকারী সন্ত্রাসীরা। এছাড়া সারাদেশে ১৯টি কারাগারেও হামলা করা হয়। তাদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে শহিদ হন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। থানা ও কারাগার থেকে লুট হয় হাজার হাজার হালকা ও ভারী অস্ত্রশস্ত্র এবং কয়েক লাখ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম।

এসব অস্ত্রশস্ত্র পরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দাঙ্গায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে চলে যায়। যা দিয়ে আগস্ট পরবর্তী সময়ে সারাদেশে চালানো হচ্ছে ব্যাপক সহিংসতা।

Visited 12 times, 1 visit(s) today