তারেক রহমানের দেশে ফেরা: সরকার বলছে ‘কোনো বাধা নেই’ প্রস্তুত ট্রাভেল পাস, তবু কেন আসছেন না?

তারেক রহমানের দেশে ফেরা: সরকার বলছে ‘কোনো বাধা নেই’ প্রস্তুত ট্রাভেল পাস, তবু কেন আসছেন না?
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—কোনো বিধিনিষেধ নেই, কোনো আপত্তি নেই। এমনকি তিনি দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গতকাল শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।”

এর কয়েক ঘণ্টা পরই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন,
“তারেক রহমান যদি দেশে আসতে চান, পররাষ্ট্র মন্ত্রণালয় একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে। উনি দেশে আসতে চাইলে অন্য কোনো দেশ সেটাতে বাধা দেবে—এটা অস্বাভাবিক।”

সরকারের এই উচ্চপর্যায়ের দুই কর্মকর্তার এমন স্পষ্ট ও ইতিবাচক বার্তা সত্ত্বেও তারেক রহমান এখনো লন্ডনেই বসবাস করছেন। বিএনপির নেতাকর্মীদের একাংশের মতে, অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি মুখিয়ে আছেন। কিন্তু দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ বা পরিকল্পনা এখনো প্রকাশ করেননি।

এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— সরকার যখন এতটা নিশ্চয়তা দিচ্ছে, ট্রাভেল পাসেরও গ্যারান্টি দিচ্ছে, তখন কেন তারেক রহমান দেশে ফিরছেন না? তাহলে কি অন্তর্বর্তী সরকারের কথার ওপর তিনি পূর্ণ আস্থা রাখতে পারছেন না?

বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলে দুটি মত রয়েছে। একপক্ষ মনে করেন এখনই ফেরা উচিত, আরেক পক্ষ বলছেন—আইনি নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

এদিকে সরকারপন্থী কয়েকজন বিশ্লেষক বলছেন, তারেক রহমানের না আসার পেছনে সরকারের প্রতি অবিশ্বাসের চেয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা ও মামলাজনিত জটিলতাই বেশি দায়ী।

যে কারণই হোক, অন্তর্বর্তী সরকারের এত উন্মুক্ত আমন্ত্রণ সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা-সমালোচনা আরও জোরালো হচ্ছে।

 

Visited 16 times, 1 visit(s) today