জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ

জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে আটক সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে জুলাইর মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে দুই কর্মদিবস জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

২৩শে জুলাই, বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো এবং দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তদন্ত সংস্থাকে দুই কর্মদিবস জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এ ছাড়া তদন্ত কার্যক্রম চলাকালে মোজাফফর হোসেনকে সেনা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২১শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-সংক্রান্ত মামলায় তাকে ২৩শে জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। সেই আদেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল-২–এর ‘মিস কেস-১/২৬’ মামলায় মোজাফফর হোসেনকে আসামি করা হয়েছে। মামলাটির বাদী চিফ প্রসিকিউটর। একই মামলার অপর আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ই জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তার বয়স ৭৭ বছর।

Visited 7 times, 1 visit(s) today