সচিবালয়ে এক বছরে ৩য় দফা অগ্নিকাণ্ড: আবারও প্রমাণ বিনষ্টের চেষ্টা?

সচিবালয়ে এক বছরে ৩য় দফা অগ্নিকাণ্ড: আবারও প্রমাণ বিনষ্টের চেষ্টা?
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট ডেস্ক

সচিবালয়ে ফের আগুন! আজ রোববার দুপুর দেড়টার দিকে নতুন কেবিনেট ভবনের ৯ম তলায় হঠাৎ আগুন লেগে যায়। এর ফলে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নবম তলাসহ, প্রত্যেকটি তলায় কর্মকর্তা-কর্মচারীরা ছোটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাগ্যক্রমে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদে ভবন ত্যাগ করতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিক ধারণা মতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ২০ তলা ভবনের ৯ম তলায় ভবনটির বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

এটি গত এক বছরের মধ্যে সচিবালয়ে তৃতীয়বারের মতো অগ্নিকাণ্ড। সর্বশেষ বড় ধরনের ঘটনাটি ঘটেছিল গত বছরের ২৫শে ডিসেম্বর রাতে।

সেই রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছিল, যা প্রায় ৭ ঘণ্টা ধরে জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো গেলেও পুড়ে ছাই হয়ে যায় ৫টি মন্ত্রণালয়ের লাখ লাখ গুরুত্বপূর্ণ ফাইল ও নথি। বিশেষতঃ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (যার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) দপ্তর পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

সেবার উপদেষ্টা আসিফ প্রকাশ্যে এই অগ্নিকাণ্ডকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বলেছিলেন, দুর্নীতির তথ্য-প্রমাণ ধ্বংস করার জন্যই এই অগ্নিসংযোগ করা হয়েছে।

যদিও আগস্টে উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে আগুন লাগার আগ-পর্যন্ত ৪ মাসে এই দপ্তরগুলোতে পূর্বতন দায়িত্বশীলদের কোনো দুর্নীতির তথ্য জনসম্মুখে কেন আসেনি এবং কেনই বা আগুন লাগার পর দুর্নীতির নথিপত্র বিনষ্টের দাবি উত্থাপিত হলো- এমন প্রশ্নের সদুত্তর মেলেনি দায়িত্বশীল কারো কাছ থেকে।

এক বছরের ব্যবধানে তিনবার সচিবালয়ে আগুনের ঘটনা দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সংযোগের রক্ষণাবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর স্থাপনায় অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিয়মিত অগ্নি-মহড়া এবং সিসিটিভি ক্যামেরার মনিটরিং জোরদার করা এখন সময়ের দাবি।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজকের ঘটনারও উচ্চপর্যায়ের তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। তবে বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মনে উদ্বেগ ও অসন্তোষ বাড়াচ্ছে।

Visited 18 times, 1 visit(s) today