ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বর্জন ইরানের

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বর্জন ইরানের
শেয়ার করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলের বেশ কয়েক সদস্যকে ভিসা না দেওয়ায় এই বর্জনের ঘোষণা দেয় ইরানের ফুটবল ফেডারেশন। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ড্রয়ে ইরান অনুপস্থিত থাকবে।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে ফেডারেশনের মুখপাত্র জানান, “আমরা ফিফাকে জানিয়েছি যে এই সিদ্ধান্তগুলো ক্রীড়ার সঙ্গে সম্পর্কিত নয়। ইরান প্রতিনিধি দল বিশ্বকাপ ড্রয়ে অংশ নেবে না।”

ইরানি ক্রীড়া ওয়েবসাইট ভারযেশ–৩ জানায়, ফেডারেশন সভাপতি মেহদি তাজসহ কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাজ বলেন, সিদ্ধান্তটি “স্পষ্টতই রাজনৈতিক”।

তিনি আরও জানান, “আমরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বলেছি যে এটি সম্পূর্ণ রাজনৈতিক অবস্থান। ফিফাকে যুক্তরাষ্ট্রকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলতে হবে।”

তবে ভিজা জটিলতা সত্ত্বেও দলের চার সদস্য—যাদের মধ্যে ছিলেন কোচ আমির ঘালেনোই—আগামী ৫ ডিসেম্বরের ড্রয়ের জন্য ভিসা পেয়েছেন বলে জানায় ভারযেশ–৩।

মার্চ মাসে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে ইরান টানা চতুর্থবারের মতো এবং মোট সপ্তমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয়। যদিও দলটি কখনও নকআউট পর্বে উঠতে পারেনি।

তবে ফুটবল ইতিহাসে স্মরণীয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ—যেখানে ইরান গ্রুপ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারায়। পরে ২০২২ কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ১-০ গোলে সেই হার শোধ করে।

২০২৬ আসরটি যৌথভাবে আয়োজ করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনাও স্থগিত হয়েছে।

মে–জুনে ইসরায়েলের অভূতপূর্ব হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়—যার পর আলোচনাগুলো স্থবির হয়ে পড়ে।

ইরানের বিশ্বকাপ ড্র বর্জনের সিদ্ধান্ত নিয়ে ফিফা এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Visited 5 times, 1 visit(s) today