নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক ১৯ বছর বয়সী তরুণী ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ইসমাইল হোসেন (৫৫) নামের বিএনপির এক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে র্যাব-১৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর কাউছার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। ধর্ষণের খবর প্রকাশিত হলে তিনি আত্মগোপনে চলে যান।
র্যাব জানায়, ভুক্তভোগীর বাবা ৯ই অক্টোবর কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন ইসমাইল হোসেন। তরুণী বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় সে সময় কাউকে কিছু জানাতে পারেননি। পরে শারীরিক পরিবর্তনের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিবারের নজরে আসে। তরুণী এরপর লিখে পুরো ঘটনা জানায় পরিবার ও এলাকার মানুষদের।
ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের মেয়েটি এসএসসি পাস করেছে এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু এই ঘটনার পর তার জীবন পুরোপুরি পাল্টে গেছে। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। পাশাপাশি তরুণী ও তার পরিবারের নিরাপত্তার বিষয়েও পুলিশ নজর রাখছে।
গ্রেপ্তার ইসমাইল হোসেনকে আইনি প্রক্রিয়ায় কারাগহারে পাঠানো হয়েছে।
