শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় জয়ের পরিস্থিতি তৈরি করেছিলো বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত হৃদয় ভাঙল তাদের। রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের হতাশ করে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।
ভারতের বিশাখাপত্তমে নারী বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৩ উইকেটে। আগে ব্যাট করে শারমিন আক্তার সুপ্তার ফিফটি ও স্বর্ণা আক্তারের দেশের হয়ে দ্রুততম ফিফটিতে বাংলাদেশ করে ২৩২ রান।
৩ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া মেয়েদের হয়ে ৬৯ বলে ৬২ রান করেন কলি ট্রায়ন। মারিজান ক্যাপ করেন ৭১ বলে ৫৬ রান, ২৯ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ শেষ করেন নাদিন ডি ক্লার্ক।
২৩৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই তাজমিন ব্রিটসকে হারায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক লরা উলভার্ট সাবলীল খেলে থিতু হলেও তাকে ফিরতে হয় রান আউটে। আনিকা বশ থিতু হয়ে বাজে শটে আউট হয়ে যান। আনেরি ডার্কসেনকে বোল্ড করে বাংলাদেশকে আলো দেখান রাবেয়া খান। ৬৪ রানে ৪ উইকেট পড়ার পর মারিজান ধরেন হাল। সিনালো জাফটা ফিরে গেলেও ট্রায়নের সঙ্গে ৮৫ রানের জুটিতে খেলা সহজ করে দেন। এই দুজনের বিদায়ের পর ম্যাচ জমে উঠার আভাস ছিলো।
কিন্তু নাদিনের আগ্রাসী ব্যাটিং দক্ষিণ আফ্রিকার দিকেই হেলে রাখে ম্যাচ। নাদিনকে আউটের সুযোগ হাতছাড়া করেন স্বর্ণা, সহজ ক্যাচ ফেলে দিলে ম্যাচও শেষ হয়ে যায়।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক গড়েন ৫৩ রানের জুটি। তিনে নামা শারমিন পরে ধরেন হাল। তার ফিফটিতে ভিত পায় বাংলাদেশ। শেষ দিকে ৩৪ বলে ফিফটি করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন স্বর্ণা। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের হয়ে স্বর্ণাই এখন দ্রুততম ফিফটির মালিক। তিনি ভাঙেন নিগার সুলতানা জ্যোতির ৩৯ বলে ফিফটির রেকর্ড।
