আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ ও নথিপত্র চুরি

আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন-মানিব্যাগ ও নথিপত্র চুরি
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

আদালতের খাস কামরা থেকে বিচারকের ফোন এবং মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আদালতের নিরাপত্তাও হয়েছে প্রশ্নবিদ্ধ।

ঘটনাটি কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের।

গতকাল ১২ই অক্টোবর, রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চুরি হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারক মামুনুর রশিদের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন অজ্ঞাতরা চুরি করে নিয়েছে। এ ছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ কিছু সরকারি কাগজপত্রও হাতিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরি হওয়া দুটি মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, উল্লেখ করা হয়েছে এজাহারে।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন,আদালত চলাকালে বিচারক সবসময় তার মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও সেটাই হয়েছিল। এই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে যায়। যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Visited 4 times, 1 visit(s) today