এনসিপির সমাবেশে বিদ্যুৎ বিভ্রাট, কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সারজিসের

এনসিপির সমাবেশে বিদ্যুৎ বিভ্রাট, কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখার হুমকি সারজিসের
শেয়ার করুন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ শেষে বক্তব্য দিতে গিয়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে তিনি বক্তব্য দিচ্ছিলেন।

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষিপ্ত হয়ে বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেনো? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে।

হুমকি দিয়ে তিনি বলেন, “যারা এটা করছে তারা রাজনৈতিক দেউলিয়া। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।”

সারজিস আলম অভিযোগ করেন, পঞ্চগড়ে এনসিপির কর্মসূচি চলাকালে বারবার ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে।

সারজিস আলম নিজের নাম উল্লেখ করে ঘোষণা দেন, এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না, এটা আমার নিজের কমিটমেন্ট। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছাতে শুরু করেন। এটা পঞ্চগড়, আপনার এই দেউলিয়াপনা দেখানোর মতো জায়গা নয়।

তিনি মবের হুমকি দিয়ে বলেন, “খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার-বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই।”

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে শুরু হয় এনসিপির লংমার্চ। সারজিস আলমের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি পিকআপে করে অংশ নেন দলটির পাঁচ উপজেলার সমন্বয়কারী ও নেতাকর্মীরা।

সন্ধ্যায় লংমার্চ শেষে আয়োজিত সমাবেশে সারজিস বলেন, “চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী—যারা মানুষের জীবন ধ্বংস করছে, তাদের আমরা দেখে নিব। সময়ের অপেক্ষা মাত্র।”

Visited 6 times, 1 visit(s) today