ট্রলির নিচে পড়ে প্রাণ গেল জামায়াত নেতার

ট্রলির নিচে পড়ে প্রাণ গেল জামায়াত নেতার
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় একটি বালুবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী জামায়াত নেতা রফিকুল ইসলাম মারা গেছেন।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুটিবাড়ি বাজার সংলগ্ন গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৬০) খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি খালিশাচাপানী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ছিলেন।

এছাড়াও তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন। একইসাথে ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও ডিমলার তিতপাড়া বড় জুমা জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, রোববার সকালে কয়েকটি ট্রলি শুটিবাড়ি হয়ে ডালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় রফিকুল ইসলাম খালিশাচাপানীর নিজবাড়ি থেকে মোটরসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে তিস্তা নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানান। সেই সঙ্গে সোমবার ডিমলা-ডালিয়া সড়কসহ শুটিবাড়ি এলাকার সব সড়ক অবরোধের ঘোষণাও দেন।

উপজেলা জামায়াতের আমির মুজিবুর রহমান বলেন, আমরা গভীরভাবে শোকাহত। এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

গুপ্ত সংগঠন শিবিরের কর্মী মো. ইয়াসিন বলেন, ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এসব পরিবহনে ব্যবহৃত ট্রলিগুলোর কারণে সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং দুর্ঘটনা ঘটছে।

যদিও স্থানীয়রা জানিয়েছেন, এই অবৈধ বালু ও পাথর উত্তোলনের সাথে বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাদের যোগসাজশ রয়েছে। গত বছরের ৫ই আগস্টের পর থেকে বিএনপি-জামায়াত সমর্থিত প্রভাবশালীরা এই কাজে যুক্ত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় বালু-পাথর উত্তোলন হলেও বাধা দেওয়া হচ্ছে না।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Visited 7 times, 1 visit(s) today