কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে না পেয়ে কিশোর পুত্রকে হত্যা

কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে না পেয়ে কিশোর পুত্রকে হত্যা
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হিলচিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দীন ইসলামকে খুঁজে না পেয়ে তার কিশোর বয়সী পুত্রকে (১৭) পিটিয়ে হত্যা করেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। হত্যার পর নিহতের মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা যুবলীগ নেতা দীন ইসলামকে খুঁজছিল। তাকে বাড়িতে না পেয়ে তার ছেলের ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে গুরুতর আঘাতে তার মৃত্যু হলে দুর্বৃত্তরা মরদেহটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পর থেকে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ঘটনার জন্য ইউনূস সরকারকে দায়ী করে তার পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ক্ষুব্ধ জনতা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে মামলা করা হবে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক শত্রুতা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Visited 18 times, 1 visit(s) today