শুটিংয়ের নাম করে রিসোর্টে নিয়ে অভিনয়শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ

শুটিংয়ের নাম করে রিসোর্টে নিয়ে অভিনয়শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে নাটকের শুটিংয়ের প্রলোভনে নিয়ে এক অভিনয়শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন নাট্যনির্মাতা মো. নাসির (৩৫), তার সহকারী মো. বাবর (৩২) এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ভুক্তভোগী অভিনয়শিল্পী (২৫) জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তি সম্ভবত রিসোর্টের সঙ্গে জড়িত।

ঘটনাটি ঘটেছে গত ২২শে সেপ্টেম্বর, রোববার দিবাগত রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার ‘রাস রিসোর্টে’।

ভুক্তভোগী জানান, প্রায় চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিংয়ের সময় নাসির তার মোবাইল নম্বর নেন এবং নিয়মিত যোগাযোগ রাখতেন। তারা একসঙ্গে কয়েকটি নাটকের কাজও করেছিলেন।

রোববার শুটিংয়ের কথা বলে নাসির তাকে বাসা থেকে নিয়ে রাস রিসোর্টে পৌঁছান। সেখানে রাতে একটি কক্ষে আটকে নাসির, বাবর ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

অভিনয়শিল্পীর দাবি, নির্যাতনের সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় দেওয়া হয়।

নির্যাতনের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তার আইফোন ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা তাকে রিসোর্ট থেকে বের করে দেন। চিকিৎসার পর কিছুটা সুস্থ হওয়ায় গত ২৫শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে তিনি শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, মামলা রুজু হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আসামির পরিচয় শনাক্তসহ সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অভিযুক্তদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

Visited 6 times, 1 visit(s) today