নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া, ২৩ সেপ্টেম্বর ২০২৫:কুষ্টিয়ার দৌলতপুরে এক শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও বাড়ি থেকে মালামাল লুটের ঘটনা ঘটেছে। এই জঘন্য ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত ১৫ সেপ্টেম্বর রাতে। তবে, ভুক্তভোগী নারী ও তার শ্বশুর গত সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও ডাকাতির পৃথক দুটি মামলা দায়ের করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জনের একটি দল ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে। তারা নারীর স্বামী ও দেবরকে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ভুক্তভোগী নারীকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন দুর্বৃত্তরা তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবেল ও তারিখ তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
চলে যাওয়ার সময় তারা ঘরে থাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ মামলা এবং তার শ্বশুর ডাকাতি মামলা দায়ের করেন। দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, “মামলা দায়েরের পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। অভিযান চলমান রয়েছে, এবং বাকি সবাইকেও গ্রেপ্তার করা হবে।”
