তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল’সহ হেফাজতের ৭ নেতা

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল’সহ হেফাজতের ৭ নেতা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের তালেবান সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

এ প্রতিনিধি দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুরের পীর), হেফাজতের নায়েবে আমির আব্দুল আউয়াল, জমিয়তের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, আব্দুল হক ও মাহবুবুর রহমান।

১৭ই সেপ্টেম্বর, বুধবার সকালে রাজধানী কাবুলে পৌঁছেছেন এই প্রতিনিধি দল।

মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ স্ট্রিমকে জানিয়েছেন, প্রতিনিধি দলটি আগামী এক সপ্তাহ আফগানিস্তানে অবস্থান করার কথা রয়েছে। এই সময়ে তাঁরা তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ উলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

বিশেষভাবে মানবাধিকার ও নারীর অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে, সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন হাসান জুনাইদ।

হাসান জুনাইদ জানান, সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকা দেখতে যাবেন।

গত ১৪ই সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ এই প্রতিনিধি দলটি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ই নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মক্কাস্থ প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান তাঁরা।

বাংলাদেশ খেলাফত মজলিসের একটি সূত্র জানিয়েছে, ভিসা পাওয়া সাপেক্ষে এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশে মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।

Visited 9 times, 1 visit(s) today