ভাঙ্গার সংসদীয় আসন বহাল আন্দোলন থেকে ‘ফ্যাসিস্ট’ ধরতে চান ডিআইজি

ভাঙ্গার সংসদীয় আসন বহাল আন্দোলন থেকে ‘ফ্যাসিস্ট’ ধরতে চান ডিআইজি
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। জেলা প্রশাসক (ডিসি) একে জনগণের আন্দোলন আখ্যা দিয়ে নির্বাচন কমিশনে আবেদন করলেও মাঠে নেমে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সোমবার রাতে ভাঙ্গা সফরে এসে জানিয়েছেন, তিনি আন্দোলনের নামে ‘ফ্যাসিস্টদের’ ধরতে চান।

ভাঙচুর-অগ্নিসংযোগ, থমকে গেছে প্রশাসনিক কার্যক্রম

গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ অন্তত ২০টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে সরকারি কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর হওয়ায় টহল কার্যক্রম চালানো যাচ্ছে না।

ভাঙ্গায় ডিআইজির হুঁশিয়ারি

ক্ষতিগ্রস্ত অফিস-আদালত ঘুরে দেখার পর রাত ১২টার দিকে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। ইতোমধ্যে আমি গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান

এদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা এক ফেসবুক বার্তায় ভাঙ্গাবাসীর পাঁচটি দাবি তুলে ধরে সভ্য মীমাংসার আহ্বান জানিয়েছেন। দাবিগুলো হলো—
১. আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা আসনে সংযুক্ত করা,
২. আটককৃতদের মুক্তি,
৩. নিরীহ জনগণের বিরুদ্ধে মামলা প্রত্যাহার,
৪. নতুন মামলা না দেওয়া,
৫. প্রশাসনের হয়রানি বন্ধ।

তিনি বলেন, “এ দাবিগুলো মেনে নিলে আমরা ঘরে ফিরে যাব।”

জেলা প্রশাসকের চিঠি নির্বাচন কমিশনে

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা সোমবার (১৫ সেপ্টেম্বর) সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, আসন বিন্যাস পরিবর্তনের ঘোষণার পর থেকেই আলগী ও হামিরদী ইউনিয়নের মানুষ ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ শুরু করে। মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। চিঠিতে দুই ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে কোনো অবরোধ দেখা যায়নি, ফলে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে নতুন করে অবরোধের শঙ্কা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বাজারে দোকানপাট আংশিক খোলা থাকলেও অনেকেই নিরাপত্তার কারণে বাড়িতে অবস্থান করছেন না।

Visited 17 times, 1 visit(s) today