ভোলায় আলোচিত ছাত্রলীগ নেতা আরিফ হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ হিসাবে সাজাচ্ছে পুলিশ, পরিবার ও জনমনে ক্ষোভ

ভোলায় আলোচিত ছাত্রলীগ নেতা আরিফ হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ হিসাবে সাজাচ্ছে পুলিশ, পরিবার ও জনমনে ক্ষোভ
শেয়ার করুন
ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের ১নং সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ (৩০) হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ হিসেবে দাবি করেছে পুলিশ। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের মতে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

গত ৩০ আগস্ট ভোরে ফজরের নামাজ আদায় করতে বের হওয়ার সময় বাড়ির মেইন গেইটের সামনে ছেলের নিথর দেহ দেখতে পান আরিফের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বশির উদ্দিন । পরিবারের দাবি, আরিফের মাথার সামনের অংশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং ডান হাতের কব্জির রগ কেটে হত্যা করা হয়। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও কোনো অগ্রগতি হয়নি।

গত ১৩ সেপ্টেম্বর ভোলা জেলা পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান,

“আরিফ ছাদ থেকে পড়ে দুর্ঘটনায় মারা গেছেন।” পুলিশের এই বক্তব্যে পরিবারসহ স্থানীয়দের মধ্যে নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে।

আরিফের মা জানান, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় বাড়িতে তিনি খালি গায়েই থাকতেন। অথচ মরদেহ উদ্ধারের সময় তার গায়ে শার্ট ছিল। এ থেকে তার দৃঢ় বিশ্বাস, আরিফকে ফোন করে বাইরে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

আরিফের বাবা বলেন, “যদি ছাদ থেকে পড়ে মৃত্যু হয়ে থাকে, তবে তার হাতের রগ কাটলো কে? মরদেহে ছাদ থেকে পড়ার কোনো চিহ্নই ছিল না।”

পরিবার অভিযোগ করে, হত্যাকাণ্ডের দুইদিন পর র‌্যাব পরিচয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে আরিফের মাকে হুমকি দেয়—“ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে।” এ বিষয়ে থানায় জানালেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে ৯৯৯ নম্বরে কল করেও কোনো সহযোগিতা পাননি তারা।

আরিফের মা আরও বলেন, “আমার ছেলেকে কণ্ঠরোধ করে হত্যা করা হয়েছে। যদি সে সত্যিই ছাদ থেকে পড়ে যেতো, তবে অবশ্যই চিৎকার করতো। কিন্তু তাকে সামান্য শব্দ করার সুযোগও দেওয়া হয়নি।”

শহীদ আরিফের বাবা-মা বিডিডাইজেস্ট এর মাধ্যমে দেশবাসীর কাছে দাবি জানান, আরিফের হত্যাকারীদের যেন চিহ্নিত করা হয় এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। এটি তাঁদের শেষ ইচ্ছা বলে উল্লেখ করেন।

এই ঘটনায় জনমতে ক্ষোভ দেখা গেছে। স্থানীয়দের মতে, এমন হত্যাকাণ্ডকে দুর্ঘটনা আখ্যা দেওয়া মানে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, যা ভোলাসহ গোটা সমাজের জন্য অশনিসংকেত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে।

 

Visited 13 times, 1 visit(s) today