‘আমরা জমিদার, গ্রামবাসীর হস্তক্ষেপ মেনে নেব না’ মন্তব্যকারী চবি কর্মকর্তা-জামায়াত নেতাকে শোকজ

‘আমরা জমিদার, গ্রামবাসীর হস্তক্ষেপ মেনে নেব না’ মন্তব্যকারী চবি কর্মকর্তা-জামায়াত নেতাকে শোকজ
শেয়ার করুন

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী জোবরা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার জেরে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জেরে প্রতিষ্ঠানের সেকশন কর্মকর্তা ও জামায়াত নেতা সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই জামায়াত নেতাকে শোকজ করা হয়।

সিরাজুল ইসলামকে উদ্ধৃত করে তার সেই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সম্পর্কিত বিভিন্ন সংবাদ প্রকাশিত হলে এর প্রেক্ষিতে জারিকৃত নোটিশে ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় জামায়াত নেতা ও নির্বাচনে হাটহাজারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এবং চবির সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামের দেওয়া ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও সমালোচনার জন্ম দেয়।

যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর নেতা সিরাজুল তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পতির ওপর প্রতিষ্ঠিত, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে— এটা আমরা মেনে নেব না।

চবির রেজিস্ট্রার কার্যালয়ের ব্যক্তিগত নথি শাখার সেকশন কর্মকর্তা ও জামায়াত নেতা সিরাজুল ইসলামের বক্তব্যে শিক্ষার্থীরাও ক্ষুব্ধ হন। এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ উল্লেখ করে ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় চবির এই কর্মকর্তাকে।

উল্লেখ্য, গত ৩০শে আগস্ট মধ্যরাত থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত চবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। গুপ্ত সংগঠন শিবিরের এক নেতার বান্ধবী অনেক রাত করে বাড়ি ফেরায় দারোয়ানের সাথে বচসাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। সেই ঘটনায় শিক্ষার্থীরা জোবরা গ্রামের ওপর ঝাঁপিয়ে পড়ে। গ্রামের অসংখ্য বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গবাদিপশুসহ মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটে। গ্রামবাসী রুখে দাঁড়ানোয় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীও আহত হন।

ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Visited 6 times, 1 visit(s) today