ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ভোলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় মাওলানা আমিনুল হক নোমানী (৪৫) নামের ইসলামী ঐক্য আন্দোলনের এক নেতা নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব এবং ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ছিলেন। তার বাবার নাম মাওলানা এনামুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে আমিনুল বাসায় ফেরার কিছুক্ষণ পর তার বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পান পাশের লোকজন। খবর পেয়ে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে লাগানো। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন মাওলানা আমিনুল।

দ্রুত তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মাদ্রাসা শিক্ষক মো. জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় স্ত্রী-সন্তানরা বাড়িতে ছিলেন না। ধারালো অস্ত্রের আঘাতে আমিনুল হকের গলা, বুকে ও পেটে গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মী ও এলাকাবাসী হাসপাতালে ভিড় করেন।

পরে রাত ১১টার দিকে হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোডের কে-জাহান মার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Visited 10 times, 1 visit(s) today