খুলনায় জাপা কার্যালয়ে গণ অধিকার পরিষদ কর্মীদের ভাঙচুর-লুটপাট: খুলে নিয়ে গেছে গ্রিল, নাট-বল্টুও

খুলনায় জাপা কার্যালয়ে গণ অধিকার পরিষদ কর্মীদের ভাঙচুর-লুটপাট: খুলে নিয়ে গেছে গ্রিল, নাট-বল্টুও
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি

খুলনা নগরীর ডাকবাংলোয় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও গণ-লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ ৩রা সেপ্টেম্বর, বুধবার বিকেলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এ হামলা চালানো হয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভাংচুরের পাশাপাশি লুটপাটও চালায় জাপা কার্যালয়ে।

জাতীয় পার্টির খুলনা মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলাকারীরা দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, কাগজপত্র, দরজা-জানালার গ্রিল, সাইনবোর্ডের লোহালক্কড়- এমনকি গেটের নাট-বল্টুও পর্যন্ত লুট করে নিয়ে গেছে।

এতে দলীয় কার্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে, বর্তমানে দল নাজুক পরিস্থিতিতে থাকায় কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলে জানান তিনি।

ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেএমপির সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফেরিঘাট মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করেন এবং জাপা চেয়ারম্যান জি এম কাদেরের প্রতিকৃতিসহ কুশপুত্তলিকা দাহ করেন।

সংগঠনটির খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে জাতীয় পার্টির অফিসে ঢুকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ভাঙচুর চালায়।

উল্লেখ্য, গত ৩০শে আগস্টও একই এলাকায় জাপা কার্যালয় ভাঙচুরের চেষ্টা করেছিল সংগঠনটির নেতাকর্মীরা। তবে সেদিন পুলিশি বাধার মুখে তারা পিছু হটে ফেরিঘাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

Visited 13 times, 1 visit(s) today