মেয়েদের বিশ্বকাপ দলে চমকের নাম ঝিলিক

মেয়েদের বিশ্বকাপ দলে চমকের নাম ঝিলিক
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ ২০২৩ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যে আসরটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। দলে চমক হিসেবে এসেছেন উইকেটকিপার-ব্যাটার রুবায়া হায়দার ঝিলিককে, যিনি এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

​নির্বাচকরা অফ-স্পিনার নিশিতা আক্তার ও টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারকেও দলে রেখেছেন। তবে গত এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত কোয়ালিফায়ার দলে থাকা দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমকে বাদ দেওয়া হয়েছে।

​বিসিবির নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “রুবায়া কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে জায়গা করে নিয়েছে। গত ছয় মাসে তার উন্নতি ছিল অসাধারণ। আমরা তাকে একজন রিজার্ভ কিপার এবং ব্যাকআপ ওপেনার হিসেবে একটি মূল্যবান বিকল্প হিসেবে দেখছি।”

​তিনি আরও বলেন, “নিশিতা ধারাবাহিকভাবে ভালো খেলে, চাপের মুখে শান্ত থাকে এবং বামহাতি ব্যাটারদের আটকে রাখার ক্ষমতা তাকে বাড়তি সুবিধা দিয়েছে।”
​”সুমাইয়া দীর্ঘদিন ধরে দলের দরজায় কড়া নাড়ছিল। সে ক্রিজে সময় কাটাতে এবং প্রয়োজনে দ্রুত রান তুলতে পারে। তার দক্ষতা ও ফিল্ডিংয়ের মান বিবেচনায় সে আমাদের টপ-অর্ডারে একটি অলরাউন্ড বিকল্প দেবে,” যোগ করেন তিনি।

​দলটি বর্তমানে বিকেএসপি-তে চ্যালেঞ্জ কাপে অংশ নিচ্ছে, যা ২৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর তারা পরের মাসের শুরুতে অনুশীলনের জন্য সিলেটে যাবে। দলটি ২৩ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে, যেখানে তারা ২৫ ও ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ‘এ’ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে।

​টাইগ্রেসরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে।

​এরপর তারা ৭ ও ১০ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলতে গুয়াহাটি যাবে। ১৩ ও ১৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে বিশাখাপত্তনমে যাবে।

​বাংলাদেশের শেষ দুটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৬ অক্টোবর মুম্বাইয়ে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে।

​এটি ৫০ ওভারের বিশ্বকাপে টাইগ্রেসদের দ্বিতীয় অংশগ্রহণ। তারা ২০২২ সালের আসরে প্রথমবার খেলার সুযোগ পেয়েছিল, যেখানে আট দলের মধ্যে একটি মাত্র জয় নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল।

​বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবায়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঋতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি এবং সুমাইয়া আক্তার।

Visited 11 times, 1 visit(s) today