যশোরে যুবলীগ কর্মী রেজাউলকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা

যশোরে যুবলীগ কর্মী রেজাউলকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা
শেয়ার করুন

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে যুবলীগ কর্মী রেজাউল ইসলামকে (৫০) জবাই করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার দৌলতদিহি তরফদারপাড়ায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বর্বরোচিত ও পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়।

নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে। তিনি যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি রেজাউলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। দীর্ঘসময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে পাশের একটি মাঠে রেজাউলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবলীগ কর্মী রেজাউল দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়ভাবে তিনি একজন সাহসী, স্পষ্টভাষী এবং দলনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

এলাকাবাসী জানান, রাজনৈতিক কারণে তাকে টার্গেট করে হত্যা করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, যুবলীগ সদস্য রেজাউল ইসলামের নামে একাধিক মামলা আছে। পুলিশ খুনের বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Visited 9 times, 1 visit(s) today