নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর (ভিসি) ও প্রক্টর ইসলামী গুপ্ত সংগঠন ছাত্রশিবিরকে প্রশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ ৬ই আগস্ট, মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাছির তার পোস্টে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের আয়োজিত একটি প্রদর্শনীতে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের যেমন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযম এর ছবি টানিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতাকে অপমান করা হয়েছে।
তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজাকার-আলবদরদের ছবি টানিয়ে শিবির স্বাধীনতাকে অপমান করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ছাত্রদল নেতা আরও জানান, ছাত্রশিবির একাত্তরের গণহত্যাকারী ছাত্রসংঘ ও আলবদর বাহিনীর উত্তরসূরী। অতীতেও তারা একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল এবং নিজেদের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য ছেপেছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভিসি ও প্রক্টর শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। প্রশাসনের সহায়তায়ই তারা এমন জঘন্য কর্মসূচি করতে পেরেছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান এবং দেশের নাগরিকদের অনুভূতিতে আঘাত করেছে। এর দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারেন না।
পোস্টে তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড এবং আরও কিছু ঘটনায় ভিসি ও প্রক্টরের নিষ্ক্রিয়তা, অদক্ষতা ও ‘গোপন গোষ্ঠী’র পৃষ্ঠপোষকতা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন নাছির।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি নিতে হয় এবং বিষয়বস্তু পর্যালোচনার পরেই অনুমতি দেওয়া হয়। আজকের ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, শিবির প্রক্টরের সম্মতি ও পৃষ্ঠপোষকতায়ই এই কর্মসূচি করেছে। প্রক্টরকে এ ঘটনার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে।
