সুদ মওকুফের নামে হরিলুট, প্রভাবশালীদের চাপে কমার্স ব্যাংকের এমডির পদত্যাগ

সুদ মওকুফের নামে হরিলুট, প্রভাবশালীদের চাপে কমার্স ব্যাংকের এমডির পদত্যাগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪৮ কোটি টাকা সুদ মওকুফ নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশারফ হোসেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের এক বৈঠকে পর্ষদের কয়েকজন সদস্য মোশারফ হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার পরদিনই তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

বিতর্কিত সুদ মওকুফের বিষয়টি ঘিরে রয়েছে ঋণখেলাপি প্রতিষ্ঠান সুরুজ মিয়া স্পিনিং মিলস, যার কাছে ব্যাংকের পাওনা প্রায় ৮৮ কোটি টাকা। এর মধ্যে ৪৮ কোটি টাকা সুদ মওকুফের প্রস্তাব সম্প্রতি ব্যাংক পর্ষদ অনুমোদন করে এবং তা বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হয়।

সূত্র জানায়, ব্যাংকের নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান মো. মহসিন মিয়া অতীতে সুরুজ মিয়া স্পিনিং মিলসের উপদেষ্টা ছিলেন এবং সুদ মওকুফে পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে মিলে সক্রিয় ভূমিকা রাখেন। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন এ সিদ্ধান্তে আপত্তি জানান।

এ প্রসঙ্গে আরও জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র দ্রুত আদায়ের জন্য এমডির ওপর চাপ প্রয়োগ করা হয়। তিনি এতে রাজি না হওয়ায় বৈঠকে তাকে অপসারণের হুমকি দেওয়া হয়। এরপরই তিনি পদত্যাগ করেন।

এ ব্যাপারে মোশারফ হোসেন বলেন, আমি অনেক চেষ্টা করেছিলাম ব্যাংকটিকে কীভাবে দাঁড় করানো যায়। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হচ্ছিল না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হয়েছে আমার ছেড়ে দেওয়া উচিত।

এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে অনেক ঘটনা ঘটেছে। অনেক বিষয় ঠিক মত হচ্ছিল না। একজন এমডির কাজ করার জন্য যে পরিবেশ দরকার, তা ছিল না। নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। নিজের মত করে কাজ করতে পারছিলাম না, তা বোর্ডকেও জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, এটা একটা ভঙ্গুর প্রতিষ্ঠান। ধীরে ধীরে কীভাবে এগিয়ে নেওয়া যায়। বোর্ড থেকে চাপ ছিল রাতারাতি এগিয়ে নেওয়া লাগবে। আমি জানিয়েছি যে এটা রাতারাতি সম্ভব নয়, ঠিক করার জন্য সময় দেওয়া লাগবে। সঠিকভাবে কাজ করতে হবে। তবে এখানে স্বাভাবিক কাজই করা যাচ্ছিল না।

এ বিষয়ে জানতে পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের ৫ই রাজনৈতিক পট-পরিবর্তনের প্রেক্ষিতে কমার্স ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

মোশারফ হোসেন ২০২৫ সালের ১৬ই জানুয়ারি তিন বছরের জন্য বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংকিং খাতে তার যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে, উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে।

Visited 7 times, 1 visit(s) today