নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি। এক বছরেই এই অবস্থা! যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম?”
আজ ২৮শে জুলাই, সোমবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এত তাড়াতাড়ি যদি এসব ঘটে তবে ভবিষ্যৎ কী? গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে। কিন্তু দুঃখ হয়, জোর গলায় বলতে পারছি না যে, এ দেশ নতুন করে গড়ে উঠবে। দেশ এমন অবস্থা তৈরি করা হচ্ছে, যাতে নতুন ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
সংস্কার ইস্যুতে ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন, দেশের মানুষ লড়তে জানে। তারেক রহমান চেষ্টা করছেন, কিভাবে বাংলাদেশকে আবার গড়ে তোলা যায়।
বিএনপি নেতা বলেন, কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেনি। সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে, রিকশাচালক, ভ্যানচালক, শ্রমিক, কৃষকদের মতামত নিতে হবে।
