মাতাল হয়ে বন্ধুকে ‘পেটালেন’ তাসকিন, থানায় অভিযোগ দায়ের

মাতাল হয়ে বন্ধুকে ‘পেটালেন’ তাসকিন, থানায় অভিযোগ দায়ের
শেয়ার করুন

জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির সর্বোচ্চ বেতনভুক্ত তারকা তাসকিন আহমেদ মধ্য রাতে মাতাল হয়ে বন্ধুকে পিটিয়ছেন। তারই ঘনিষ্ঠ বন্ধু সিফাতুর রহমান সৌরভ এই ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ঘটনা গত রাতের। মিরপুর থেকে বন্ধু সৌরভকে তুলে নিয়ে যান তাসকিন, এই সময় তাসকিনের সঙ্গে ছিলেন এক নারীও। কোন এক বিষয় নিয়ে বিতর্ক হলে তাসকিন সৌরভকে মারধর শুরু করেন এবং তাকে গুম করে ফেলার হুমকি দেন।

আহত সৌরভ পরে সোহরাওয়ার্দি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মদ খেয়ে মাতাল ছিল তাসকিন। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় সে রেগে ছিলো। সে আমাকে বাজেভাবে মারধর করে ও গুম করে ফেলবে বলে।’ এই ব্যাপারে তাসকিনের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসহায়ত্ব প্রকাশ করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ‘সনি সিনেমা হলের সামনে রবিবার রাতে মারধর করেছেন বলে একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা আমরা তদন্ত করে দেখছি।’

অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে সৌরভকে মিরপুর ১ নম্বরে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন। এছাড়া তাকে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগকারীর দাবি। থানা সূত্র জানায়, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেছেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ারের এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি। কী হয়েছে সেটা আগে বের হোক।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দলের শৃঙ্খলা ভেঙেছিলেন তাসকিন, তখন তার বিরুদ্ধে তদন্ত করেছিলো নাজমুল হাসান পাপনের বোর্ড। এই বছরের শুরুতে তাসকিনকে সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে রাখে ফারুক আহমেদের বিসিবি, তিনি বিসিবির সর্বোচ্চ বেতনভুক্ত ক্রিকেটার। এবার আরেক নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টা কীভাবে সামলান দেখার বিষয়।

Visited 10 times, 1 visit(s) today