নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল নেতার হাতুড়ি ও হকস্টিকের আঘাতে জমির উদ্দিন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।
নিহত জমির উদ্দিন ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং স্থানীয়ভাবে জাসদ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। হামলাকারী আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক। তিনি দলীয় কিছু কর্মীকে সঙ্গে নিয়ে জমিরের ওপর সশস্ত্র হামলা চালান বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, ব্যক্তিগত বিরোধের জের ধরে অনিক ও তার সহযোগীরা প্রকাশ্যে জমির উদ্দিনকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন। তার মাথা, বুক ও পায়ে মারাত্মক আঘাত করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জমিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
নিহতের স্ত্রী জোৎস্না খাতুন বলেন, ভাইয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে জমি বন্ধক রেখে টাকা আনতে বেরিয়েছিলেন আমার স্বামী। পথে অনিক ও তার লোকজন তাকে নির্মমভাবে মারধর করে। প্রায় দেড় বছর আগে একটি চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিল জমির, সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাতজনিত কারণে সন্ধ্যায় জমিরের মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি, তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
