স্থানীয় সংবাদদাতা
আগে থেকেই তার নামে বিভিন্ন অপরাধে ছিল ডজন খানেক মামলা। অপরাধ চক্রের ডাকে যুক্ত হন জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনে। এরপর থানা থেকে লুট করা অস্ত্রে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে গেছেন।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. মিনহাজ উদ্দিন ওরফে নুরুন্নবী ওরফে সাগরকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে নিয়ে অভিযানে নেমে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ।
ওসি আজাদ বলেন, সিডিএ মার্কেট এলাকায় চেক পোস্টে পুলিশ দেখে সরে পড়ার চেষ্টা করেন সাগর। তখন তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে নিজেকে জুলাইয়ের সরকারবিরোধী আন্দোলনের সমর্থক বলে পরিচয় দেন।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাগর নিজের কাছে একটি বিদেশি রিভলবার থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত অভিভাবক যাত্রী ছাউনির পেছনে ময়লার স্তুপে লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রটি নিবন্ধনকৃত জানিয়ে ওসি বাবুল আজাদ বলেন, এটি পাবলিকের অস্ত্র, থানায় জমা ছিল আন্দোলনের আগে। ৫ই আগস্টে থানা লুটের সময় সেটি লুট হয়। থানার অস্ত্র লুট করা আন্দোলনকারীদের কাছ থেকে রিভলবারটি সাগর সংগ্রহ করেছে বলে জানিয়েছেন জিজ্ঞাসাবাদে।
গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিংসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
এ অস্ত্র ব্যবহার করে তিনি তার সহযোগীদের নিয়ে টোল রোডসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে জানান ওসি বাবুল আজাদ।
