নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে যাত্রীকে মারধর এবং দুই নারীকে শ্লীলতাহানি করেছেন যুবদল ওয়ার্ড আহ্বায়ক ও তার লোকজন। এ ঘটনায় যুবদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় রুবিনা আক্তার নামের ওই ভুক্তভোগী নারী মামলাটি দায়ের করেন।
মামলায় কাশিপুর গনপাড়া এলাকার বাসিন্দা ৩০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রমজান হাওলাদার ও তার ঘনিষ্ট মাসুম মাঝির নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে ভুক্তভোগী নারী তার দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে প্রাইভেট কারে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নগরের কলাডেমা সমাজকল্যাণ কেন্দ্রের সামনে যুবদলের ওয়ার্ড সভাপতি রমজান ও মাসুমসহ কয়েকজন তাদের পথরোধ করে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে জোরপূর্বক তল্লাশি চালায়।
এসময় ওই নারী বাধা দিলে তার ছেলেকে মারধর করা হয় এবং দুই কন্যাকে শ্লীলতাহানির করে রমজান ও তার লোকজন। এসময় নির্যাতিত দুই নারী, তার মা ও ভাই কান্নাকাটি শুরু করলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাবার সময় রমজান হুমকি দিয়ে বলেন, এখন আমরাই দেশ নিয়ন্ত্রণ করছি। মামলা করলে দুই কন্যাকে তুলে নেওয়া হবে এবং পরিবারকে দেখে নেওয়া হবে।
এদিকে যুবদল নেতার গাড়ি থামিযে নারিনির্যাতনের এই ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সুধীজন।
যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জানান এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি জাকির হোসেন জানান, যুবদল নেতা রমজানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
